গ্রামীণফোন কর্মীদের আন্দোলনে সংহতি ইউনি গ্লোবালের
ইউনিয়ন নেতাকে চাকরিচ্যুতির ইস্যুতে ক্রমেই ঘনীভূত হচ্ছে গ্রামীণফোন কর্মীদের আন্দোলন। দেশের শ্রমিক ইউনিয়নগুলোর সংহতির পাশাাপাশি এই আন্দোলনে সংহতি জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো। এ ঘটনাকে আন্তর্জাতিক ভাবেও নিন্দা জানানো হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নকে মেইল করেছেন ইউনি গ্লোবাল ইউনিয়নের আইসিটি বিভাগের প্রধান কেসটারনো।
এছাড়াও এ ধরনের ছাঁটাই ইউনি-টেলিনর গ্লোবাল এগ্রিমেন্টর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন ইউনি নেপালের প্রেসিডেন্ট শঙ্কর লামিচ্যান।
এদিকে তৃতীয় দফায় মঙ্গলবার বসুন্ধরার জিপি হাউসের সামনে মানববন্ধন থেকে বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা।
ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের নেতৃত্বে সকালে আড়াই ঘণ্টা ধরে অবস্থান করে দুই শতাধিক কর্মী। থেমে থেকে তারা ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর’; ‘কর্মী ছাঁটাই চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
কারণ দর্শানো ছাড়াই দর্শানো ছাড়াই চাকরিচ্যুত গ্রামীণফোনের সিনিয়র স্পেশালিস্ট ও ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে স্বপদে পুনর্বহালের দাবিতে গত ২৮ অক্টোবর থেকে অহিংস আন্দোলন করে যাচ্ছে টেলিকম খাতের বেশ কয়েকটি শ্রমিক ইউনিয়ন।